শিউলির গন্ধ

।।শিউলির গন্ধ।।

তৃণময় সেন
কোয়ার্টার এণ্ডের শুরুতে আজ মহালয়া। তবু ভোরে উঠে মহালয়া শোনা হয়নি। তাই তিয়াস ইউটিউবেই বীরেন্দ্রবাবুকে শুনেছে। গতকাল দুইঘন্টা শিফট এক্সটেণ্ড করে রাতে নয়ডা অফিস থেকে ফেরার সময় গলির মাথায় শিউলির গন্ধ পেয়ে যেন বাড়ির ছোঁয়া পাচ্ছিল তিয়াস। অন্ধকারে চোখ বন্ধ করে পায়ের নিচে সন্তর্পণে শুয়ে থাকা নীল মাটির পথ অনুভব করার চেষ্টা করে সে। পুজোতে যাওয়া হয়নি। আটবছর তো হয়ে গেলো ...
"বেটা উও এগ্রিমেন্ট কে বারে মে পাতা কিয়া থা?" গেটের সামনে বাড়ির মালিক দিন-পনেরো আগে ঘরে ঢোকার সময় থেকে রেন্ট এগ্রিমেন্ট বানানোর জন্য তাড়া দিচ্ছে; তা-ও আবার দু'বছরের। "আঙ্কেলজি উইকেণ্ড মে পাতা করকে বাতাতা হুঁ।" বললো তিয়াস।
এই নির্লিপ্তের শহরটাকে কোনোদিন ভালোবাসতে পারেনি তিয়াস, সবাই যেন টার্ন অ্যারাউণ্ড টাইম মেট করতে দৌঁড়োচ্ছে। তাই নভেম্বর শেষে পাকাপাকিভাবে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। যাওয়ার পরের প্ল্যানও ফাইনাল। বন্ধু প্রবালের সাথে মেডিকেল হোলসেলের ব্যবসা করবে বলে মনে মনে ঠিক করেছে। যদিও নিজে খুব-একটা জানে না মেডিসিনের ব্যাপারে। কিন্তু প্রবাল বলে -- "একটা জব্বর লাইন পেয়েছি, বেশি ভাবিস না, শিগগিরই চলে আয়"। ছয় বছর পুরোনো এম.আর.-এর চাকরিটা ছেড়ে প্রবাল এই ব্যবসা শুরু করেছে মাত্র সাত মাস আগে। এতো কম সময়ের মধ্যেই বেশ বাড়-বাড়ন্ত। --"দ্যাখ, মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট প্রফিট। আমার দরকার শুধু একজন বিশ্বাসী পার্টনার আর এই লাখ পঁচিশের মতো ইনভেস্টমেন্টের।
"তোমার টি-শার্টটা বিছানার উপর রাখলাম। নিজে রেখে নিজেই খুঁজে পায় না"। একরাশ বিরক্তি ঝেড়ে ঝড়ের বেগে অফিসে বেরিয়ে গেলো শ্রেয়া। সাথে সাথে মোবাইলও বেজে উঠলো। অফিসের ক্যাব-ড্রাইভার সুরেশ --"স্যার কালিন্দী কুঞ্জ জ্যাম মে ফাস গায়া থা, দশ মিনিট লেট হো জাউঙ্গা"। ---- "ঠিক হ্যায়, কোই বাত নেহি", বলে ইউসি ব্রাউজারে যুগশঙ্খ খোলে তিয়াস। আনমনাভাবে চোখ বোলাতে গিয়ে প্রথম পাতার নিচের দিকে একটা ছবি খুব চেনা লাগে তিয়াসের। বড় হরফে শিরোনাম দেখে থ হয়ে যায়। ---" জালি ঔষধ পাচার চক্রে ধৃত শিলচরের দুই ..."। নিচে বাড়ির মালিককে দেখে -- "আঙ্কেলজি, ম্যায় শামকো এগ্রিমেন্ট বনওয়াকে লে আউঙ্গা, আপ দেখকে সাইন কর দিজিয়েগা"। বলেই হনহনিয়ে ক্যাবের জন্য এগিয়ে চলে তিয়াস।
"মায়ের পরাণ ধন ... শিবে কৈলাস লৈয়া যায়রে"। গ্রামের একটা বিসর্জনের গান মনে পড়ে তিয়াসের। শিউলি গাছটা ততক্ষণে পিছনে ফেলে এসেছে।

Comments

Popular posts from this blog

#শ্মশানবন্ধু

ছোঁয়া